পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বোমা হামলায় নিহত ৭

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর আনাদোলু এজেন্সির।

 

আজ শনিবার বান্নু জেলায় এ ঘটনা ঘটে। জেলাটি আফগানিস্তান সীমান্তসংলগ্ন অস্থির উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের কাছাকাছি অবস্থিত।

 

জেলা পুলিশের প্রধান ইয়াসির আফ্রিদি সাংবাদিকদের জানান, সড়কের পাশে পেতে রাখা প্রথম বোমাটি একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত তিনজন আহত হন। প্রথম বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা নিহত ও আহতদের অ্যাম্বুলেন্সে তোলার কাজ করছিলেন। এ সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে আরও অন্তত দুজন নিহত হন।

 

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

 

পুলিশের বিবৃতিতে বলা হয়, দুটি ঘটনাই রিমোট-কন্ট্রোলড বিস্ফোরণ এবং এগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

 

রেসকিউ ১১২২-এর উদ্ধারকর্মীরা আহতদের স্থানীয় হাসপাতাল ও ডোমেল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে, কারণ আরও বিস্ফোরক থাকার আশঙ্কা করা হচ্ছে।

 

সম্প্রতি বান্নু জেলায় সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সূত্রগুলো বলছে, এ অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে পুলিশের ওপর হামলা, অবকাঠামোতে বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধের ঘটনা বেড়েছে।