জেলা প্রতিনিধি নওগাঁ:
তিন গুণ বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতির দাবিতে নওগাঁর সাপাহারে বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। সারাদেশের ন্যায় ৩ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সকল ডাকঘরে কর্মচারীরা মঙ্গলবার (২৩ জুন) নির্ধারিত সময়ে কর্মবিরতিতে অংশ নেন এবং তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মচারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, শূন্য পদে জনবল নিয়োগ এবং কর্মপরিবেশের উন্নয়নসহ বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হলেও সেগুলোর কার্যকর সমাধান হয়নি। ফলে দাবি আদায়ে তারা কর্মবিরতি কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
কর্মবিরতি চলাকালে কর্মচারীরা বলেন, তাদের দাবি যৌক্তিক এবং দীর্ঘদিনের বঞ্চনার প্রতিফলন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এদিকে কর্মবিরতির কারণে উপজেলার ডাকসেবা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়েছে বলে জানা গেছে। তবে জরুরি সেবা সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
কর্মচারীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং চলমান অচলাবস্থার অবসান ঘটাবে।
কর্মবিরতির কর্মসূচি সফল করার লক্ষে সোমবার (২২ জুন) দুপুরে সাপাহার ডাকঘর চত্ত্বরে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন সাপাহার শাখার উদ্যোগে জরুরী সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বাদল হোসেন, সহ সভাপতি আমিনুল ইসলাম রঞ্জু সহ উপজেলার সকল কর্মচারী।











