নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকালে পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়ে তিনি বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে স্পারসোকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চলমান গবেষণা, উপগ্রহ প্রযুক্তি এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তুলে ধরেন স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম। পাশাপাশি বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে সরাসরি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। আকস্মিক এই সফরের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের বাস্তব কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “জাতীয় নিরাপত্তা ও দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখতে স্পারসোকে আরও শক্তিশালী করতে হবে।” তিনি স্পারসোকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে কাজ করা জাতীয় প্রতিষ্ঠান। সরকারের প্রত্যাশা, প্রযুক্তিগত অগ্রগতি ও জাতীয় উন্নয়নে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











