অনলাইন ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি আবাসিক এলাকায় মেডেভাক প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্লেনে থাকা ৬ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য নিশ্চিত করেছে।
এফএএ জানায়, লিয়ারজেট ৫৫ মডেলের প্লেনটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। প্লেনটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করছিল।
জানা গেছে, জেট রেসকিউ নামে একটি এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এই উড়োজাহাজটি পরিচালনা করছিল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্লেনটিতে একজন শিশুরোগী, তার একজন অভিভাবক এবং চারজন ক্রু সদস্য ছিলেন। তবে দুর্ঘটনার পর এখন পর্যন্ত কোনো আরোহীর জীবিত থাকার খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্লেনটি উড্ডয়নের পর ১ হাজার ৬৫০ ফুট উচ্চতায় উঠেছিল। কিন্তু এরপরই আকস্মিকভাবে প্রতি মিনিটে ১১ হাজার ফুট গতিবেগে নিচে নামতে শুরু করে।
একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্লেনটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বলেন, ‘মেডেভাক মেড সার্ভিস, উত্তর-পূর্ব টাওয়ার। আপনি কি ফ্রিকোয়েন্সিতে আছেন?’ তবে কিছুক্ষণ পরই তিনি ঘোষণা করেন, ‘আমরা একটি প্লেন হারিয়েছি।’
দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। এফএএ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্লেনটি বিধ্বস্ত হওয়ার সময় প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছিলেন।
এই ঘটনায় ফিলাডেলফিয়া অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। প্লেনে থাকা সকলের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছেন স্থানীয়রা।











