আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, দুই নিহত

জেলা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন সাবেক ইপি সদস্য মানিক মিয়া (৫৫) এবং কল্পনা বেগম (৩২)। তারা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সমর্থক ছিলেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহামেদ রাজুর এক সময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং তার বিরোধী পক্ষ সাবেক মেম্বার বাসেদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিশেষ করে গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে, যার মধ্যে একটি সংঘর্ষে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা প্রতিপক্ষ সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেন।

ঘটনার পর আবিদ হাসান রুবেল জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন এবং এলাকাটিতে আবারও আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। এতে বাসেদ মেম্বারের গ্রুপের সমর্থকরা বাধা প্রদান করেন, যার ফলে উত্তেজনা সৃষ্টি হয়।

শনিবার ভোরে উভয় পক্ষ অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়, যার ফলে মানিক মিয়া এবং কল্পনা বেগম গুলিবিদ্ধ হন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এই জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছেন।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে এবং দুজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।”