জেলা প্রতিনিধি:
সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্টের সামনে আরমান (৪০) নামে এক জাপান প্রবাসী দম্পতি ডাকাতির শিকার হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ ডাকাতদল ১৫ ভরি স্বর্নসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রবাসী আরমান তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে (হায়েচ) ফেনী থেকে ঢাকা এয়ারপোর্ট যাচ্ছিলেন। পথে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চাপাতি, ছুরি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে গাড়ির গতিরোধ করে। গাড়িটি থামানো মাত্রই প্রবাসী আরমান ও তার পরিবাবের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি স্বর্ণালঙ্কার, আইফোন সহ তিনটি মুঠোফোন ও নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।ডাকাতির শিকার জাপান প্রবাসী আরমান ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে।এব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ সাংবাদিকদের জানান, ছিনতাইয়ের ঘটনাটি মেঘনা টোলপ্লাজা অংশ পড়লেও মহাসড়কে হয়নি। এটি ঘটেছে মহাসড়কের পাশের নিচের একটি সড়কে। সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, এব্যাপারে মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।










