জেলা প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আতিক মৃধা (৩০) মেম্বার গট্টি এলাকার মুন্নু মৃধার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
জানা গেছে, সালথা বাজারে আতিকের একটি লেদ কারখানা রয়েছে, যেখানে তিনি নসিমন তৈরিসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রি করেন। ঘটনার দিন সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দরগাগট্টি এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











