বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, ব্রয়লার-ডিমের দামেও অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে টানা বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। প্রায় সব নিত্যপণ্যের দামই কিছুটা বেড়েছে। তবে বাজারে সবজির দামে বেশি প্রভাব পড়েছে কোনো সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে ক্রেতাদের মাঝে অস্বস্তি বিরাজ করছে। শুধু সবজি নয় রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগী ও ডিমের দামও।

 

আজ শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে জানা গেছে, বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৯০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, শশা ১২০ থেকে ১৩০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। যা কয়েকদিন আগেও সবজিভেদে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে।

 

এছাড়া এক সপ্তাহ আগেও যে লাউ বিক্রি হয়েছে ৬০ টাকা, তা এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছেছে।

 

তবে পেঁপের দাম তুলনামূলক কম আছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

 

এদিকে বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। স্বল্পআয়ের মানুষের প্রোটিনের বড় উৎস ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

 

অন্যদিকে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা। বৃষ্টির কারণে খামারিরা মুরগি ঠিকমতো সরবরাহ করতে না পাড়ায় মুরগির দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে মুরগির দাম বাড়লেও ডিমের দাম কমেছে। ফার্মের বাদামি রঙের প্রতি হালি ডিমের ৫ টাকা কমে তা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

এদিকে দাম বেড়েছে দেশি রসুনেরও। এক সপ্তাহ আগে প্রতি কেজি ৯০ থেকে ১৪০ টাকা থাকলেও বর্তমানে তা ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৫ টাকা কমে তা ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে সরু ও মোটা দুই ধরনের চালের দামই বেড়েছে। সরু চালের (নাজির বা মিনিকেট) সর্বনিম্ন দাম ৭০ টাকা থেকে বেড়ে ৭২ টাকায় উঠেছে। বর্তমানে এ চাল প্রতি কেজি ৭২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

এছাড়া মোটা চালের (স্বর্ণা বা চায়না ইরি) সর্বনিম্ন দাম ৪৮ থেকে বেড়ে ৫০ টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাঝারিমানের চাল পাইজাম বা লতার দাম বাড়েনি। প্রতি কেজি পাইজাম বা লতা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৮ টাকার মধ্যে।

 

অনেকের ভাষ্য অনুযায়, বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে সবজিবাহী ট্রাক ঢ়ুকতে দেরি হচ্ছে। এতে চাহিদার তুলনায় পণ্যের জোগান কম দেখা দিয়েছে।

 

এছাড়া টানা ভারী বৃষ্টিতে অনেক এলাকায় সবজির ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। যে কারণে দাম বেড়েছে বলে দাবি করছেন অনেক ব্যবসায়ী।

 

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদনে চাল, ব্রয়লার মুরগি, বেগুন ও কাঁচা মরিচসহ বেশ কিছু পণ্যের দাম বাড়তির তথ্য তুলে ধরেছে।