একরামুল ও ইয়ামিন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা এবং সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় করা দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দুই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

 

রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল পৃথক আদেশে এসব সিদ্ধান্ত দেন।

 

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে পৌর কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

 

ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য মামলায় গ্রেপ্তার থাকা তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

 

২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে একরামুল হক নিহত হন। সে সময় ঘটনাটিকে ‘বন্দুকযুদ্ধ’ বলে দাবি করা হয়েছিল। পরে একরামুলের পরিবারের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়লে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

এই মামলায় শেখ হাসিনা ও বেনজীর আহমেদ ছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন, কর্নেল আনোয়ার লতিফ খান, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক এমপি আবদুর রহমান বদি এবং সেনা কর্মকর্তা আশিকুর রহমানকে আসামি করা হয়েছে।

 

অন্যদিকে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায়ও আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।

 

অভিযোগ অনুযায়ী, গুলিবিদ্ধ ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যান, এপিসি থেকে টেনে নিচে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

 

ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ইয়ামিনের পরিবার আগে ৪৯ জনকে আসামি করে মামলা করেছিল। তদন্ত শেষে ১৯ জনকে আসামি করে প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা।

 

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ, হত্যা, ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে করা আরেক মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফ কায়সার।