এক দিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। এতে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

 

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার সকাল ৯টায় বৈঠক করে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার নতুন দর কার্যকর হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা করা হয়েছিল।

 

অর্থাৎ, এক দিনের ব্যবধানেই আগের কমানো দামের সমপরিমাণ আবার বাড়ানো হলো। শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।

 

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত সোনার দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।