নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিমানবন্দর এলাকায় ডি এল ফিলিং স্টেশনের অর্থবাহী পিকআপে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় চক্রটির মূলহোতাসহ ১২ জনকে আটক করেছে র্যাব। একই অভিযানে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির সময়ও কয়েকজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাতে র্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে উত্তরায় তেল পাম্পের পিকআপে ডাকাতির ঘটনায় জড়িত চক্রটির মূলহোতাও রয়েছেন।
র্যাবের তথ্য অনুযায়ী, সম্প্রতি বিমানবন্দর এলাকায় ডি এল ফিলিং স্টেশনের অর্থবাহী পিকআপে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তের ধারাবাহিকতায় ডাকাত চক্রটির মূলহোতার সন্ধান পাওয়া যায়।
অন্যদিকে, রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় ফলের আড়তে প্রকাশ্যে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে চক্রটির অন্য সদস্যদের আটক করা হয়। সব মিলিয়ে ১২ জনকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে।
আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। সেখানে ডাকাতির ঘটনা, আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।











