কলকাতার অগ্নিকাণ্ড: দেশে ফিরেছে ৬ বাংলাদেশির মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরেছে। শনিবার (২২ আগস্ট) সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঢাকার নিহতদের মরদেহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। নিহত সপ্তম ব্যক্তি সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী কলকাতাতেই সৎকার করা হয়েছে।

 

১৯ আগস্ট কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার পর থেকেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ এবং নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতা করে।

 

শনিবার সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এ ছাড়া কুষ্টিয়ার একই পরিবারের চারজন, দেবাশীষ দত্ত, আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ শনিবার বিকেলে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়েছে। একই সীমান্ত দিয়ে ঢাকার আমিনবাজারের নিহত বাবু আহমেদের মরদেহও দেশে ফেরত আনা হয়।

 

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে।

 

সাতক্ষীরার রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা করেছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।