এআই ব্যবহার করে প্রতারণার শিকার হলেন বৃদ্ধ নারী

অনলাইন ডেস্ক:

এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেকে ২৯ বছর বয়সী চিকিৎসক পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ মাসে ১ লাখ ৭০ হাজার ইউয়ান হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চীনের ৬৫ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ইউ শিউঝেন নামের ওই নারী আসলে একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় তৈরি করে ফেস-চেঞ্জিং প্রযুক্তির মাধ্যমে সাংহাইয়ের একটি বড় হাসপাতালের চিকিৎসক হিসেবে নিজেকে উপস্থাপন করতেন ইউ। প্রায় পাঁচ বছর ধরে তিনি ৭ হাজারের বেশি এআই-নির্মিত ছবি ও ভিডিও প্রকাশ করেন। তার অনুসারী ছিল প্রায় ১০ হাজার। ২০২১ সালে নির্মাণ ঠিকাদার লিউ হুই তার ভুয়া অ্যাকাউন্টের সন্ধান পান। বড় নির্মাণকাজের চুক্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে লিউয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ইউ। একপর্যায়ে প্রেমের সম্পর্কও তৈরি হয়। তবে দেখা করা বা ভিডিও কলে কথা বলার অনুরোধ এড়িয়ে যেতেন তিনি। পরে নিজেকে লিউয়ের প্রেমিকার মা পরিচয় দিয়ে বিয়ের যৌতুক হিসেবে ৩ লাখ ইউয়ান এবং বাড়ি কেনার দাবি করেন ইউ। তার কথায় বিশ্বাস করে লিউ পাঁচ মাসে ১ লাখ ৭০ হাজার ইউয়ান পাঠান। পরে কোনো ব্যবসায়িক চুক্তি না পেয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। তদন্তে ইউয়ের আসল পরিচয় বেরিয়ে আসে। পুলিশ জানায়, প্রতারণার অর্থ তিনি কসমেটিক সার্জারি, দামি ত্বকের যত্নের পণ্য ও পোশাক কিনতে খরচ করেছেন। তার তৈরি ভিডিওগুলোতে এআই ব্যবহারের সতর্কবার্তা থাকলেও প্রযুক্তি সম্পর্কে ধারণা না থাকায় লিউ তা খেয়াল করেননি।