দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১৩০০ জনের শরীরে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।

 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন। নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন।

 

মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে ১০৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮জন।