পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বাড়াতে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের টেন্ডার আহ্বান করা হবে।
সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে সশরীরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে হাসপাতালটির আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহিঃর্বিভাগ ই-টিকেট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এ সময় তিনি বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্ভাবনী শক্তি ও উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছেন। চিকিৎসকরা যাতে সম্পূর্ণ সততার সঙ্গে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের প্রতি আরও বেশি আন্তরিক, ভালো ও সহনশীল আচরণ করার জন্য চিকিৎসকদের প্রতি বিশেষ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের পুরো চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে ঢেলে সাজাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য খাতের এই পরিবর্তনে যত বড় অঙ্কের অর্থ বরাদ্দের প্রয়োজন হোক না কেন, তা দেওয়ার ক্ষেত্রে সরকারের দৃঢ় সদিচ্ছা রয়েছে।
