অনলাইন ডেস্ক:
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মামলার রায়ের কপি আনুষ্ঠানিকভাবে চেয়েছে ঢাকা। সৌদি আরবের কনস্যুলেটের নিয়মিত বন্দি তালিকায় এই দুজনের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য বা পূর্বের কোনো সাজার রেকর্ড ছিল না। এমনকি ঘটনার আগে এ বিষয়ে বিন্দুমাত্র ধারণাও ছিল না নিহতদের পরিবারের।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি কারাগারে বাংলাদেশি বন্দিদের যে তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়, তাতে নজরুল ও সুইটির মামলার রায়ের বিষয়টি ছিল অনুপস্থিত। বিষয়টি চরম উদ্বেগজনক উল্লেখ করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে আকস্মিক এই মৃত্যুদণ্ডের খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েছে দুই প্রবাসীর পরিবার। তাদের দাবি, আইনি লড়াই বা কনস্যুলেট থেকে কোনো ধরনের সহায়তা পাওয়ার সুযোগও তাদের দেওয়া হয়নি। রায় ও মৃত্যুদণ্ড কার্যকরের পুরো প্রক্রিয়াটি চরম গোপনীয়তার মধ্য দিয়ে হওয়ায় এখন কূটনৈতিক যোগাযোগের ওপর ভরসা রাখছে পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











