সংবিধান সংশোধন নিয়ে বিএনপি-জামায়াত ঐক্য না হলে দেশ বড় সংকটে পড়বে: বিশিষ্টজনদের আশঙ্কা

অনলাইন ডেস্ক:

সংবিধান সংশোধন ইস্যু নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে জাতীয় ঐক্য গড়ে না উঠলে দেশ এক গভীর সংকটের মুখে পড়তে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আয়োজিত ‘জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এই আশঙ্কার কথা জানান।

বৈঠকে বক্তারা উল্লেখ করেন যে, বিগত ১৬ বছর ধরে বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই ও আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছে। দল দুটির সেই যৌথ আন্দোলনের ফলেই মূলত বিগত সরকারের পতন নিশ্চিত হয়েছিল, অথচ বর্তমান পরিস্থিতিতে এসে কেন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে এক হতে পারছে না, সেই প্রশ্ন তোলেন তারা।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রক্রিয়া ম্যানুপুলেশন করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে এবং বর্তমানে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে রয়েছে। এছাড়া, ক্ষমতাসীন দল বিরোধী পক্ষের কোনো কথাই আমলে নিচ্ছে না বলে অভিযোগ তুলে তারা বলেন, বিগত সরকারের আমলেও একই ধরনের প্রবণতা দেখা গেছে এবং অতীতে এমন রাজনৈতিক আচরণ কখনো কোনো কল্যাণ বয়ে আনেনি বলে দাবি করেন তারা।