অনলাইন ডেস্ক:
রোববার (২৫ অক্টোবর) রাতে ৫.২ মাত্রার মাঝারি থেকে শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান। এই আকস্মিক ভূকম্পনে দুই দেশের একাধিক অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয় এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, দক্ষিণ এশিয়ার এই দুই দেশের কোথাও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে আসেনি।
আফগান সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভূমিকম্পের জেরে দেশটির রাজধানী কাবুল এবং নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে আফগানিস্তানে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করা হয়েছে ৫.২।
শুরুতে ইএমএসসি কম্পনটির প্রাথমিক মাত্রা ৫.৮ বলে অনুমান করেছিল, তবে পরবর্তীতে তা সংশোধন করে ৫.২ হিসেবে চূড়ান্ত নির্ধারণ করে। কেন্দ্রটি আরও জানিয়েছে, ভূকম্পনটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার বা প্রায় ৬৮.৩৫ মাইল নিচে।
অন্যদিকে, পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নানা এলাকাসহ উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পনের তীব্রতা অনুভূত হয়েছে।











