নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষকের দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা মীরেরখীল সিঙ্গাপুর এলাকার রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তের গহীন বন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা মীরেরখীল ১ নম্বর স্লুইসগেট এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি গরু ছাগল পালন ও কৃষিকাজ করতেন। চার দিন আগে তার কাছে চাঁদা চেয়েছিল স্থানীয় একদল সন্ত্রাসী। তবে তিনি চাঁদা দেননি। এর মধ্যে আজ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, বন্য হাতির আক্রমণ থেকে নিজের আবাদ করা আমন ধান রক্ষায় মঙ্গলবার রাতে জমি পাহারা দিতে যান নেজাম উদ্দিন। রাতের কোনও একসময় তাকে হত্যা করে বিলের পাশে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। এর মধ্যে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওই কৃষকের প্রতিবেশী ও স্বজন নুরুল আলম জানিয়েছেন, চার দিন আগে ঘর নির্মাণকে কেন্দ্র করে নেজামের কাছে চাঁদা চেয়েছিল সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘রাতের কোনও এক সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে দুই হাত কেটে ফেলেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি।’
তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প ও ডিবি) এবং রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।











