অনলাইন ডেস্ক:
ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানকে পুরোপুরি নির্ভরযোগ্য মনে না করার কথা জানিয়ে দেশটির এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সামরিক হামলার প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাদের আলোচনা ভালোভাবেই চলছে। তবে দেশটির বিষয়ে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়ার কাজ এখনও বাকি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের এখনও এক বা দুটি স্থাপনার বিষয়টি খতিয়ে দেখতে হবে। তবে চাইলে আমরা সেই কাজটি মোটে ১০ মিনিটেই করে ফেলতে পারি।
কথপ্রসঙ্গের এক পর্যায়ে তিনি গোপন কৌশলগত স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এর কথা বিশেষভাবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আপনারা সম্ভবত পিকঅ্যাক্স মাউন্টেনের কথা বলতে পারেন। সেটির বিষয়টিও আমাদের যথাযথভাবে সামাল দিতে হবে।
এদিকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জোরালো ধারণা রয়েছে যে, পিকঅ্যাক্স মাউন্টেন এমন একটি সংরক্ষিত স্থাপনা যেখানে ইরানের পারমাণবিক উপাদান সংরক্ষণ করা হয়ে থাকতে পারে। বর্তমান সংঘাত ও যুদ্ধের রেশ কাটলেও এই বিশেষ স্থাপনাটি এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর কোনো হামলার লক্ষ্যবস্তু হয়নি।











