নিজস্ব প্রতিবেদক:
পোশাকশ্রমিকের ছদ্মবেশ ধারণ করে নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ জন সদস্যকে গত ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি চলমান গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীরা সুকৌশলে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
গোপন গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয় এবং নাশকতার সঙ্গে জড়িত এই ৩৩ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।











