২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: মোট ২৯ দিন ছুটি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার। নতুন বছরের জন্য মোট ২৯ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আগামী বছর ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৫ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার ও শনিবারের মধ্যে ৭ দিন পড়ে যাওয়ায় সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি ভোগ করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৭ সালে বাংলাদেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এই ছুটির তালিকা কার্যকর হবে।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত এই তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগের জন্য সংশ্লিষ্ট কর্মচারীকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে।