সিচুয়ানে ভূমিধসে নিখোঁজ ২৯

অনলাইন ডেস্ক:

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইবিন শহরের জুনলিয়ান কাউন্টির জিনপিং গ্রামে শনিবার ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ২৯ জন নিখোঁজ রয়েছেন বলে রবিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া এই ভূমিধসে ১০টি আবাসিক ভবন ও একটি উৎপাদন কারখানার ভবন চাপা পড়ে। নিখোঁজদের সংখ্যা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিধসে গুরুতর আহত এক ব্যক্তিসহ মোট দুইজনকে উদ্ধার করে জুনলিয়ানের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবিরাম বৃষ্টিপাত ও ভূতাত্ত্বিক অবস্থার কারণে উঁচু স্থান থেকে ধ্বংসাবশেষ গড়িয়ে স্রোতে রূপ নিয়েছে, যা প্রায় ১ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভূমিধসের মোট আয়তন ১ লাখ ঘনমিটারেরও বেশি, যার প্রস্থ প্রায় ১০০ মিটার এবং পুরুত্ব ১০ থেকে ২০ মিটার পর্যন্ত বিস্তৃত।

ভূমিধস অব্যাহত থাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার অভিযানে সামরিক বাহিনী, সশস্ত্র পুলিশ, অগ্নিনির্বাপক ও জরুরি উদ্ধারকর্মীসহ মোট ৯৪৯ জন কর্মী কাজ করছেন। এছাড়া উদ্ধার মূল্যায়ন, অনুসন্ধান ও জরুরি তদন্তের জন্য বিশেষ সরঞ্জাম ও সামগ্রী পাঠানো হয়েছে।

এ পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জুনলিয়ানের একটি স্কুলে ১৫৫ জনের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। দুর্গতদের জন্য ৩০টি জরুরি জেনারেটর, ১০০টি তাঁবু, ৪০০টি শয্যা ও ১ হাজার ১০০টি কুইল্ট পাঠানো হয়েছে।

তাপমাত্রা হ্রাস, টানা বৃষ্টিপাত ও ভূমিধসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন বিপদজনক অঞ্চল চিহ্নিত করেছে এবং রিয়েল-টাইম পর্যবেক্ষণ চালু রেখেছে। ছোট আকারের বিপর্যয় প্রতিরোধে জরুরি সড়ক ও সংকেত ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।