নিজস্ব প্রতিবেদক:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছেন। একই সময়ে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৭৪ জন। আর পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ১৯ হাজার ৩১২ জনের।
অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬২ জন দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ১ হাজার ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১৪৯ জন, রাজশাহীতে ৯২ জন, ময়মনসিংহে ৭৪ জন, চট্টগ্রামে ৬৪ জন, বরিশালে ৫৪ জন, খুলনায় ৩৪ জন এবং রংপুরে ১৪ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গের পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করে আসছে। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবেও নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুর তথ্য উঠে এসেছে।











