শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ যুবারা
অনলাইন ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১১৩ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টের খাদের কিনারে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে শ্রীলঙ্কাকে ৪৫ রানের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ আল আহসান মুমিন ও জারিফ সিয়ামের দায়িত্বশীল ফিফটির সুবাদে ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ দল। এরপর জয়ের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে ফেলে বাংলাদেশের বোলাররা। ফলে ২৩ বল বাকি থাকতেই ২০০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।
ম্যাচে শ্রীলঙ্কার পক্ষে সেনুজা ভেকুনাগোদা ৯৫ বলে ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেললেও দলের পরাজয় এড়াতে পারেননি, আর তার দলীয় সতীর্থরা কেউ বড় কোনো ইনিংস খেলতে ব্যর্থ হন। বাংলাদেশের বোলিং আক্রমণভাগে সফল ছিলেন তাফিউল, আতিকুর, রুবাই ও রবিউল; প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় সত্ত্বেও খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ দল। কারণ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচেই বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। এদিকে শ্রীলঙ্কার সমান দুই পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, যার ফলে সেমিফাইনালের টিকিট পেতে হলে গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেতেই হবে যুবাদের।
