ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ট্যুর থেকে আয় করে নতুন ইতিহাস গড়লেন দ্য উইকেন্ড

প্রকাশিত: 8 November 2026, 2:55 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

কনসার্ট ট্যুর থেকে আয় করে নতুন ইতিহাস গড়েছেন কানাডীয় সংগীতশিল্পী দ্য উইকেন্ড। তার ‘আফটার আওয়ার্স টিল ডাউন’ ট্যুর থেকে আয় হয়েছে ১৩০ কোটি ডলারের বেশি। এর মধ্য দিয়ে পুরুষ শিল্পীদের মধ্যে সর্বোচ্চ আয় করা ট্যুরের রেকর্ড গড়েছেন তিনি।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ট্যুরের শেষ কনসার্টের পর আয় ও টিকিট বিক্রির তথ্য নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন। এই ট্যুরের মাধ্যমে পুরুষ শিল্পীদের মধ্যে আগের রেকর্ডটি ভেঙেছেন দ্য উইকেন্ড। এর আগে এলটন জনের ‘ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড’ ট্যুর থেকে আয় হয়েছিল ৯৩ কোটি ৯০ লাখ ডলারের বেশি।

বিশ্বের সর্বোচ্চ আয় করা ট্যুরের তালিকায় দ্য উইকেন্ডের অবস্থান এখন তৃতীয়। তার আগে রয়েছে টেলর সুইফটের ‘দ্য ইরাস ট্যুর’, যার আয় ২০০ কোটি ডলারের বেশি। দ্বিতীয় অবস্থানে আছে কোল্ডপ্লের ‘মিউজিক অব দ্য স্ফিয়ার্স’ ট্যুর, যার আয় ১৫০ কোটি ডলারের বেশি।

২০২২ সালের জুলাইয়ে শুরু হওয়া এই ট্যুরে মোট ১৭৬টি কনসার্ট করেছেন দ্য উইকেন্ড। বিশ্বের পাঁচ মহাদেশের ৩০টি দেশের ৬৭টি শহরে অনুষ্ঠিত এসব কনসার্টে টিকিট বিক্রি হয়েছে ৯০ লাখের বেশি। শুধু ২০২৬ সালেই এই ট্যুর থেকে আয় হয়েছে ৫০ কোটি ডলারের বেশি। এ বছর কনসার্টগুলোতে দর্শক উপস্থিতি ছিল ৩০ লাখের বেশি।

ট্যুরের শেষ পর্যায়ে এশিয়ায় ১৭টি কনসার্ট করেন তিনি। শুরুতে এই পর্বে ১১টি শো আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা বাড়ানো হয়। ব্যাংককে তিনটি এবং হংকংয়ে চারটি কনসার্টসহ এশিয়ার বিভিন্ন শহরে একাধিক শো করেন এই সংগীতশিল্পী।

সংগীত আয়োজনের পাশাপাশি দাতব্য কাজেও অবদান রেখেছে এই ট্যুর। ক্ষুধা দূরীকরণ ও মানসম্মত শিক্ষার প্রসারে এক্সও হিউম্যানিটারিয়ান ফান্ড এবং গ্লোবাল সিটিজেনকে মোট ৮৫ লাখ ডলার অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬ সালেই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও গ্লোবাল সিটিজেনের মাধ্যমে ৩০ লাখ ডলার সংগ্রহ করা হয়েছে। নারীদের ও কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ বাড়ানোর উদ্যোগেও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন