ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আজ সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সই

প্রকাশিত: 9 November 2026, 2:01 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ২০২৭ সালের হজ পালনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আজ সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে চূড়ান্ত হজ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করবেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ধর্মমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরবে অবস্থান করছেন।

এই চুক্তির মাধ্যমেই আগামী বছরের হজ ব্যবস্থাপনা, হজে অংশ নেওয়া বাংলাদেশি হজযাত্রীর মোট সংখ্যা এবং সৌদি আরবে হজসংক্রান্ত সব ধরনের আনুষ্ঠানিকতার বিষয়ে দুই দেশের সমঝোতা চূড়ান্ত রূপ পাবে।

এর আগে গত ২৭ জুলাই ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছিল এবং নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৪ সেপ্টেম্বর। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে। প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা এসব হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত প্যাকেজের বাকী টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আসন্ন ২০২৭ সালের হজের জন্য সরকারের পক্ষ থেকে দুটি পৃথক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যার মধ্যে প্যাকেজ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজে যাওয়ার প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

এদিকে আগামী বছর হজে অংশগ্রহণের জন্য বাংলাদেশের কোটা হিসেবে ৭৮ হাজার ৫০০ জন নির্ধারণ করেছে সৌদি আরব। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। তবে নিবন্ধনের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে বাংলাদেশ।

গত ১ নভেম্বর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, হজযাত্রীর কোটা বাড়ানোর এই বিষটি নিয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে অত্যন্ত ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের আগামী ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে। এর আগে আগামী ৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে।

মন্তব্য করুন