১২ দফা দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক:
ব্যাটারিচালিত অটোরিকশা আধুনিকায়ন ও লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন চালকরা। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন আন্দোলনরত চালকরা।
এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ রাজধানীতে সার্বিকভাবে অটোচালানো বন্ধ রেখেছেন চালকরা। আন্দোলনরত অটোচালক মাহবুব এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ১২ দফা দাবিতে আমরা কর্মসূচি পালন করছি।’
এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে চলা এই আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ভূত পরিস্থিতি এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে তাদের ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম।
আন্দোলনরত চালকদের উত্থাপিত ১২ দফা দাবির মধ্যে প্রথমত রয়েছে, দেশের সড়কের উপযোগী নকশায় ব্যাটারিচালিত যানবাহন আধুনিকায়ন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে লাইসেন্স প্রদান করতে হবে।
দ্বিতীয়ত, ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার যানবাহনের জন্য সুনির্দিষ্ট ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে ব্যাটারিচালিত যানবাহনের চালকদের আনুষ্ঠানিকভাবে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।
চতুর্থত, অটোরিকশা চার্জ দেওয়ার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বা হয়রানি করা বন্ধ করতে হবে।
পঞ্চমদ, লাইসেন্স প্রদান না করা পর্যন্ত অযথা গাড়ি আটক, ডাম্পিংয়ে পাঠানো এবং জরিমানা আদায় বন্ধ করতে হবে।
ষষ্ঠত, চালকদের ওপর পুলিশি নির্যাতন ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
সপ্তমদ, শহরের ছোট-বড় বা প্রাপ্য সব সড়কে কোনও ধরনের বাধা ছাড়াই অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।
অষ্টমদ, শ্রমিকদের ন্যূনতম মুজুরি, কাজের নির্দিষ্ট সময় এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
নবমদ, নিরাপদ ও বৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও সহজ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে।
দশমদ, আটককৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং মামলার নামে হয়রানি বন্ধ করতে হবে।
একাদশদ, অটোরিকশা শ্রমিকদের জন্য একটি স্বতন্ত্র কল্যাণ ট্রাস্ট গঠন করে চিকিৎসা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে।
দ্বাদশ বা সর্বশেষ দাবিতে বলা হয়েছে, সম্প্রতি জারিকৃত বা প্রস্তাবিত বিধিনিষেধের যেসব ধারা শ্রমিকদের জীবিকার পরিপন্থि, তা সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে।
