নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে ভর্তি বেড়ে ৬৩, আইসিইউতে ৪
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এর মধ্যে চারজনকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।
মঙ্গরবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, বাকি রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া হাসপাতালে আরও রোগী জরুরি বিভাগে আসছেন বলেও জানান তিনি।
ঘটনার বিষয়ে মাদরাসার শিক্ষাসচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদরাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদরাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদরাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।
