ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নেতানিয়াহু সরকারকে হটাতে বিরোধীদের বড় সমঝোতা, স্পিকার পদে আসছেন মাতান কাহানা

প্রকাশিত: 10 November 2026, 5:44 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটির বিরোধী দলগুলো পার্লামেন্টের নেসেট স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণে এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে।

মঙ্গলবার দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, সাবেক মন্ত্রী মাতান কাহানাকে পরবর্তী নেসেট স্পিকার এবং ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদোর লিবারম্যানকে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান করার বিষয়ে একমত হয়েছেন বিরোধী নেতারা।

এ বিষয়ে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট, লিবারম্যান, টুগেদার জোটের নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান এবং বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের মধ্যে এই সমঝোতা সম্পন্ন হয়েছে।

আইজেনকোটের ইয়াশার পার্টির তালিকায় পঞ্চম অবস্থানে থাকা কাহানাকে কয়েক দিনের টানা আলোচনা শেষে স্পিকার পদের জন্য চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে।

এছাড়া টুগেদার জোটের নবনির্বাচিত সংসদ সদস্য লিরান আভিশার বেন-হোরিনকে অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান করার ব্যাপারেও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চলতি সপ্তাহেই পার্লামেন্টের বিভিন্ন কমিটির গঠন চূড়ান্ত করা হবে এবং বুধবার অনুমোদনের জন্য এসব প্রস্তাব নেসেটে জমা দেওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের ২৬তম নেসেটের সদস্যদের শপথ গ্রহণের ঠিক আগমুহূর্তে বিরোধী দলগুলোর মধ্যে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতা অর্জিত হলো। বর্তমান স্পিকার ও নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতা আমির ওহানাকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করতেই মূলত এই উদ্যোগ নিয়েছে বিরোধী শিবির।

এদিকে ওহানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে নতুন স্পিকার নির্বাচনের দাবি জানালে তিনি এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিতর্কের আয়োজন করবেন। তবে ওহানাকে সরাতে প্রয়োজনীয় পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা এখনো বিরোধীদের হাতে নেই, কারণ আইজেনকোটের চার দলের জোটের হাতে নেসেটের ১২০টি আসনের মধ্যে মাত্র ৪৮টি রয়েছে, অথচ স্পিকার পরিবর্তনের জন্য অন্তত ৬১টি ভোটের প্রয়োজন।

এর আগে রবিবার ৬৭ জন সংসদ সদস্যের সমর্থন পাওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব প্রদান করেন, যেখানে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছিলেন মাত্র ৪৬ জন সংসদ সদস্য।

নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটকে সংবিধানুযায়ী ২৮ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।

মন্তব্য করুন