রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনেই সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মাধ্যমেই কেবল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে নানা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সরকারি হিসেবে সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে দেশে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যকে আরও জরুরি করে তুলেছে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় ধরে বিশাল এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। এই সংকটকে আর দীর্ঘায়িত না করে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যাসংক্রান্ত মামলার রায় ঘোষণার প্রসঙ্গটিও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। রায় প্রকাশের পর আন্তর্জাতিক মহলকে অধিকতর দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জাতিসংঘের প্রতিনিধি কেলি ই কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত এই রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অতীতে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক সভায় তুলে ধরেন।
তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক অংশীদাররা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প ও সংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। এসব অপরাধ কার্যকরভাবে মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা সম্পন্ন হয়।
এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোরালো গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে মিয়ানমার সরকারের ওপর কঠোর কূটনৈতিক চাপ সৃষ্টির প্রয়োজনীয়তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
