রাজধানীর গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় বেপরোয়া গতির একটি বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্যস্ততম গাবতলী বাস স্টেশন এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) দিরাজ নন্দি জানান, সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাস স্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় বগুড়াগামী চাঁদনি পরিবহনের একটি বাস তাদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন একজন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ নিহত দুই নারীর মরদেহ এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দুর্ঘটনার বিষয়ে এসআই দিরাজ নন্দি জানান, ঘাতক বাসটিকে ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করেছে পুলিশ।
