নির্ধারিত সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক:
নির্ধারিত সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সেইসব পৌরসভার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত ‘প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
এর আগে, অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে দেশের পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল তথা সোলার স্থাপন নিশ্চিত করার সুনির্দিষ্ট নির্দেশনা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে কড়া নির্দেশনা দিয়ে তিনি বলেন, এরইমধ্যেই পৌরসভাগুলোতে সৌর প্যানেল স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরও দেশের বেশিরভাগ পৌরসভায় এখনও এই প্যানেল স্থাপন করা হয়নি।
খুব দ্রুত সময়ের মধ্যে সৌর প্যানেল স্থাপন কাজ শেষ করে পৌরভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সেমিনারে কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, এর পাশাপাশি পৌরসভাগুলোর ভেতরকার খাল খনন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাসহ অন্যান্য সকল পৌর সেবা যাতে সাধারণ নাগরিকরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পান, তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
এর আগে নিজের বক্তব্যে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ডসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ ও চলমান কার্যক্রমের বিস্তারিত দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী।
