ঘুষ ও অনিয়মের অভিযোগ: টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক:
অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা রুজু হওয়ার পরিপ্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, অভিযুক্ত রায়হান হাবিব এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে একই পদে কর্মরত আছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ এবং বিধি ৩(খ)-এ অসদাচরণ ও ৩(ঘ)-এ দুর্নীতিপরায়ণতার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তার নামে ৬/২০২৬ নম্বর বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, আনীত অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনা করে বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভাগীয় মামলার কার্যক্রম চলাকালে তিনি সরাসরি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং এ সময় নিয়মানুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এনআরবির এক কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে গত গত ২৮ অক্টোবর ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দিয়েছিলেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। কর্মস্থল বদলির ঠিক আগমুহূর্তে এসব দলিল রেজিস্ট্রি সম্পন্ন করা হয় এবং এই পুরো প্রক্রিয়ায় তার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে।
