ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

হবিগঞ্জে প্রশাসনিক নির্দেশে বন্ধ বাউল গানের আসর

প্রকাশিত: 11 November 2026, 9:41 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে একটি বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ নামের অনুষ্ঠানটি প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই গানের আয়োজন বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে ভবিষ্যতে অন্য কোথাও এমন আয়োজন করতে দেওয়া হবে না।

এর আগে রবিবার অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ হবিগঞ্জে বাউল গান ও গ্রাম্য গান-বাজনার আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন।

সভায় হুইপ জি কে গউছ বলেন, ‘গ্রাম্য গানবাজনা আমাদের এই এলাকার লোকজন পছন্দ করেন না। এইগুলা একদম টোটালি, আমি অনুরোধ করব, পুরো জেলায় হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ সোয়া ৪ লাখ ভোটার আমারে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এইখানে যেন গ্রাম্য গানের আয়োজন, এটা-সেটা আমরা যেন না শুনি। কোনো জায়গায় মারামারি হইছে, খুন-খারাবি হইছে এসব যেন না শুনি। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

সামনে শীত মৌসুমের ধর্মীয় আবহ তুলে ধরে জি কে গউছ আরও বলেন, ‘আমাদের এলাকায় ধর্মকর্ম হয়। শীত মৌসুমে ওয়াজ মাহফিল বেশি বেশি হয়। কোনো কারণে এগুলোকে কেন্দ্র করে যেন উত্তেজনার সৃষ্টি না হয়। এসব নিয়ে ধর্মীয় কোনো অনৈক্য যাতে দেখা না দেয়, এসব অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ তারা অবশ্যই খেয়াল রাখবেন।’

মন্তব্য করুন