ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বক্স অফিসে ঝড় তুলল রণবীরের ‘রামায়ণ’, ছাড়াল পাঠান ও কল্কির রেকর্ড

প্রকাশিত: 14 November 2026, 5:41 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’ বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। মুক্তির মাত্র নয় দিনের মধ্যে বিশ্বব্যাপী এই ছবির মোট আয় গিয়ে ঠেকেছে ১ হাজার ১১১ কোটি রুপিতে, যা এর ব্যবসায়িক সাফল্যে নতুন একটি মাইলফলক যুক্ত করেছে।

তবে বিশ্বব্যাপী আয়ের এই প্রতিযোগিতায় এখনো শীর্ষে অবস্থান করছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। যদিও শুধু মুক্তির নবম দিনের একক আয়ের হিসেবে বাকিদের পেছনে ফেলে এগিয়ে রয়েছে ‘রামায়ণ’ সিনেমাটি।

এর আগে মুক্তির মাত্র আট দিনেই ১ হাজার কোটি টাকার ক্লাবে প্রবেশ করে ‘রামায়ণ’। তবে উল্লেখ্য যে, এর চেয়েও দ্রুত গতিতে অর্থাৎ মাত্র সাত দিনেই এই মাইলফলক স্পর্শ করেছিল ‘পুষ্পা ২: দ্য রুল’ ও ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এর মতো ছবিগুলো।

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ‘রামায়ণ’ ইতোমধ্যে পেছনে ফেলেছে ‘বাহুবলী ২’, ‘আরআরআর’ এবং ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর মতো রেকর্ড ভাঙা সিনেমাগুলোকে। যেখানে ‘বাহুবলী ২’ ১ হাজার কোটি রুপি আয় করতে সময় নিয়েছিল ১০ দিন, সেখানে ‘আরআরআর’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর লেগেছিল যথাক্রমে ১৬ ও ১৮ দিন। অন্যদিকে শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর এই মাইলফলক ছুঁতে সময় লেগেছিল যথাক্রমে ১৮ ও ২৭ দিন।

আয়ের এই অগ্রযাত্রায় প্রভাস অভিনীত ব্যবসাসফল ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-কেও পেছনে ফেলেছে ‘রামায়ণ’। মুক্তির নবম দিনে ‘কল্কি ২৮৯৮ এডি’-এর বিশ্বব্যাপী আয় ছিল ৭১৪.৫৩ কোটি রুপি, আর জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার আয় ছিল ৬৯৬.৯৮ কোটি রুপি।

গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক এই সিনেমাটি। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের ভূমিকায় দেখা গেছে সানি দেওলকে। এ ছাড়াও রাজা দশরথের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিজ্ঞ অভিনেতা অরুণ গোভিল।

হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম—এই পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। দুটি খণ্ডে বা পর্বে নির্মাণের পরিকল্পনা করা এই মহাকাব্যিক চলচ্চিত্রের দ্বিতীয় পর্বটি আগামী ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন