আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
অনলাইন ডেস্ক:
বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বরেণ্য অভিনেত্রী শবনম এবার পাচ্ছেন ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’। কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত বশির আহমেদের স্মরণে প্রবর্তিত এই সম্মাননা আসরে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। দীর্ঘ অভিনয় জীবনে অসামান্য অবদান ও অভিনয়ের জাদুতে দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়া এই কিংবদন্তিকে বিশেষ এই সম্মানে সম্মানিত করতে যাচ্ছে আয়োজক কর্তৃপক্ষ।
সংগীতাঙ্গনে বশির আহমেদের স্মৃতি ও তার কালজয়ী সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করে ‘বশির আহমেদ সম্মাননা’। বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মাননা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিয়মিত প্রদান করা হয়েছে। মাঝে তিন বছরের বিরতি কাটিয়ে এবার আবারও বর্ণাঢ্য আয়োজনে ফিরছে এই সম্মাননা অনুষ্ঠান।
আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মদিন উপলক্ষে এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হবে। ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হবে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় অভিনেত্রী শবনম বলেন, ‘আমার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় বশির আহমেদ গান গেয়েছেন, যেগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশে তাঁর সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। তাঁর নামে প্রবর্তিত পুরস্কার পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।’
এদিকে শবনমকে আজীবন সম্মাননা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোমায়রা বশির ও রাজা বশির। তারা বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমার বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব। আমরা সত্যিই ভীষণ খুশি যে শবনম আন্টির হাতে বশির আহমেদ সম্মাননা’র আজীবন সম্মাননা তুলে দিতে পারছি। আমাদের যে কতটা ভালো লাগছে তা বোঝাতে পারব না। আমরা কৃতজ্ঞ যে আব্বুর নামের এই সম্মাননা অনুষ্ঠানটি সবার আন্তরিক সহযোগিতায় সুন্দরভাবে করতে পারছি ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, বশির আহমেদের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের কাছে আজও সমান সমাদৃত। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’ ও ‘সজনীগো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’।”
