ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শুরুতেই জোড়া গোল খেয়ে বিপাকে ব্রাজিল, জাপানের দুর্দান্ত দাপট

প্রকাশিত: 14 November 2026, 6:18 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাপানের মুখোমুখি হয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হওয়া এই লড়াইয়ে শুরু থেকেই সেলেসাওদের চেপে ধরেছে জাপান। ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই গোল করে ব্রাজিলকে বড় ধরনের চমকে দিয়েছে এশিয়ান জায়ান্টরা।

ম্যাচের ২৫ মিনিট অতিক্রান্ত হওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাপান ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। ব্রাজিলের রক্ষণভাগকে ব্যস্ত রেখে জাপানি ফুটবলাররা একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচের ১৫ মিনিটে জাপানের হয়ে প্রথম গোলটি করেন ‘জাপানি মেসি’ হিসেবে পরিচিত তারকা ফরোয়ার্ড তাকেফুসা কুবো। এর ঠিক চার মিনিট পর, ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইতো নাকামুরা। দ্রুত দুই গোল হজম করে ব্রাজিল এখন ম্যাচে ফেরার লড়াইয়ে প্রবল চাপের মুখে রয়েছে।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল রাফিনিয়ার। আজ জাপানের বিপক্ষেও বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের নেতৃত্বেই মাঠে নেমেছে ব্রাজিল। দলের হয়ে আজ গোলকিপার হিসেবে খেলছেন পেদ্রো মরিস্কো। রক্ষণভাগে রয়েছেন গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, ওয়েসলি, জাইর কুনিয়া ও কার্লোস অগুস্তো।

ব্রাজিলের মাঝমাঠ সামলাচ্ছেন আন্দ্রে সান্তোস, আন্দ্রে লুইজ ও ব্রুনো গিমারায়েস। এছাড়া আক্রমণভাগে রাফিনিয়ার সঙ্গে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও এস্তেভাও। শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামলেও জাপানের পরিকল্পিত ফুটবলের সামনে এখন পর্যন্ত নিজেদের মেলে ধরতে হিমশিম খাচ্ছে ব্রাজিল।

মন্তব্য করুন