ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মৃত্যুর মুখ থেকে অলৌকিক ফেরা: যেভাবে বদলে গেল অভিনেত্রী কাজলের জীবন

প্রকাশিত: 14 November 2026, 6:22 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

একটি দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিতে পারে জীবনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের জীবনেও এনেছে তেমনই এক বড় পরিবর্তন। ২০২০ সালে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং সেটে ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়েছিল তার সামনে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় মুহূর্তের স্মৃতিচারণা করেছেন তিনি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে চলছিল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’-এর শুটিং। সেদিন সেটে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান অভিনেতা কমল হাসান ও কাজল আগারওয়াল। একটি বিশেষ দৃশ্যের জন্য প্রবীণ নারীর সাজে প্রস্থেটিক মেকআপ নিয়ে প্রস্তুত ছিলেন কাজল।

শুটিংয়ের বিরতিতে সহকর্মীদের সঙ্গে মনিটরের সামনে বসেছিলেন অভিনেত্রী। হঠাৎই সেটজুড়ে শুরু হয় হৈচৈ ও ছোটাছুটি। প্রাণ বাঁচাতে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন কাজল। এ সময় একটি টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর পেছনে তাকাতেই দেখতে পান, প্রায় ১০০ ফুট উঁচু একটি বিশাল ক্রেন তার দিকেই ভেঙে পড়ছে।

সেই মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে কাজল বলেন, কী ঘটছে, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।

ঠিক সেই মুহূর্তে অজ্ঞাতপরিচয় একজন তাকে টেনে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। আর পরক্ষণেই বিকট শব্দে তার পাশেই আছড়ে পড়ে বিশাল ক্রেনটি। ওই ব্যক্তির তাৎক্ষণিক উদ্যোগেই সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান অভিনেত্রী।

কাজলের ভাষ্য অনুযায়ী, সেই দুর্ঘটনা জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। দীর্ঘ সময় ধরে আতঙ্কের পাশাপাশি এক ধরনের কৃতজ্ঞতাবোধ কাজ করেছে তার মধ্যে। ঘটনার পর থেকেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বেড়েছে অভিনেত্রীর। বিশেষ করে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস আরো গভীর হয়েছে। জীবন যে কতটা অনিশ্চিত ও ক্ষণস্থায়ী, সেই উপলব্ধি তাকে প্রতিটি মুহূর্ত নতুনভাবে উপভোগ করতে শিখিয়েছে।

উল্লেখ্য, নানা জটিলতা ও দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’। তবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাটি। অন্যদিকে, শুটিং সেটের সেই দুর্ঘটনায় প্রাণ হারান তিন কর্মী। তাদের মৃত্যুর স্মৃতি এবং নিজের অলৌকিকভাবে বেঁচে ফেরার অভিজ্ঞতা আজও গভীরভাবে নাড়া দেয় কাজল আগারওয়ালকে।

মন্তব্য করুন