ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: চাঁপাইনবাবগঞ্জে জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেন বহিষ্কার

প্রকাশিত: 16 November 2026, 1:40 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি জানান, ডা. ইসমাইল সংগঠনের সঙ্গেই ছিলেন। সম্প্রতি জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। এ অভিযোগে সংগঠন তাকে বহিষ্কার করেছে। এছাড়াও জামায়াতের সব পর্যায়ের নেতা কর্মীদের ডা. ইসমাইলের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখতে এবং উক্ত সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে ডা. ইসমাইল হোসেন নিজের ফেসবুকে লেখেন, আমি কখনো জামায়াতের কর্মী ছিলাম না। তবে তিনি নিজের শুভাকাঙ্ক্ষী ও ইসলামী ছাত্রশিবির করার কথা জানান।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সহ-সভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত নোটিশে ডা. ইসমাইলকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

এছাড়াও একই দিন (১২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের শঙ্কায় অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করেছে কর্তৃপক্ষ। আগের দিন (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন (১২ নভেম্বর) হাসপাতাল দখলের শঙ্কায় চেম্বার বন্ধের নোটিশ দেওয়া হয়। এছাড়াও ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন