ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আইসিটি বিভাগে বড় রদবদল: অনিয়মের দায়ে ৬১ কর্মকর্তা ও পরামর্শকের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: 16 November 2026, 9:30 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

গত দেড় দশকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে সংঘটিত বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের অনিয়ম পর্যালোচনার ভিত্তিতে ৬১ জন কর্মকর্তা ও পরামর্শকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে ১৯ জনের চুক্তি বাতিল, ১৭ জনের স্বেচ্ছায় পদত্যাগ, দুজনের সাময়িক বরখাস্ত এবং ১৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী তার লিখিত জবাবে জানান, ব্যবস্থা নেওয়া ৬১ জনের মধ্যে ১৯ জন পরামর্শকের চুক্তি বাতিল করা হয়েছে এবং ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়া দুজন কর্মকর্তার বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে, দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সাতজনের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে এবং ১৪ জন কর্মকর্তা ও পরামর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফকির মাহবুব আনাম বলেন, আইসিটি বিভাগের গত দেড় দশকের বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করে ২০২৫ সালের নভেম্বর মাসে শ্বেতপত্র প্রকাশ করা হয়। এই শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং এটুআই প্রকল্পে এসব শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৯ জন পরামর্শকের চুক্তি বাতিল এবং ১৭ জনের স্বেচ্ছায় পদত্যাগের ঘটনা ঘটেছে। এছাড়া দুজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে, এটুআই প্রকল্পের ১৪ জন কর্মকর্তা ও পরামর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, এসব অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কয়েকটি চলমান তদন্তে আইসিটি বিভাগ পূর্ণ সহযোগিতা করছে।

গত দেড় দশকে নেওয়া বিভিন্ন প্রকল্প পর্যালোচনার কথা তুলে ধরে তিনি বলেন, পর্যালোচনার ভিত্তিতে প্রকল্প থেকে অপ্রয়োজনীয় কার্যক্রম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পগুলো পুনর্বিন্যাস ও পরিসর সংশোধন করা হয়েছে।

আইসিটি বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন ও পুনর্বণ্টন করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সেগুলো নিবিড়ভাবে পরিবীক্ষণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

মন্তব্য করুন