ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি শূন্যের কোঠায় নামাতে চায় নির্বাচন কমিশন: সিইসি

প্রকাশিত: 18 November 2026, 1:37 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সংক্রান্ত কার্যক্রমে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি চিরতরে বন্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত কঠোর হওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে, জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে সব ধরনের দুর্নীতি থেকে এবার পুরোপুরি মুক্তি অর্জন করতে চায় নির্বাচন কমিশন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

গণমাধ্যমের শিরোনামে নাগরিকদের ভোগান্তির চিত্র দেখলে নিজের ভেতর তীব্র অস্বস্তি কাজ করে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন বলেন, ‘পত্রিকায় যখন হয়রানি শব্দটা দেখি, আমি খুব অস্বস্তি করি। এটা আর কীভাবে ব্যবহার হবে না–সেই পরামর্শ দিন। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে, এটা থেকে মুক্তির জন্য পরামর্শ দেবেন। মানুষ সেবা পাবে এটা নিশ্চিত করতে হবে।’

এ সময় উপস্থিত প্রশিক্ষণার্থীদের বিশেষভাবে দিকনির্দেশনা দিয়ে সিইসি আরও বলেন, ‘দয়া করে যেকোনো চিঠি পাওয়ার পরে আপনারা বলবেন, আমরা এটা বুঝে পেয়েছি, তাহলে আবেদনের একটা হদিস থাকবে। জনসাধারণের কথা চিন্তা করে আমাদের সমাধান বের করতে হবে। সঠিক আবেদন বিষয়ে জনসচেতনতা দরকার।’

দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আপসহীন মনোভাবের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি সমাধান চাই। মানুষ হয়রানির স্বীকার হোক চাই না। এ নিয়ে জিরো টলারেন্স। এনআইডি সংক্রান্ত দুর্নীতি নির্মূল করতে চাই। এতো হয়রানির আবেদন আর দেখতে চাই না।’

অনুষ্ঠানে বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ জানান, নাগরিক সেবার মান বাড়াতে নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং নবায়নকালে ফ্যামিলি ট্রি প্রস্তুত করার প্রক্রিয়াটি খুব শিগ্‌গিরই আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

ইসি সচিব আরও বলেন, ‘সংশোধন প্রক্রিয়ায় ওটিপির প্রচলনে কাজ চলছে, কি কারণে একটা তথ্য বা একটা আবেদন বাতিল হলো, সে জিনিসগুলোকে নাগরিককে জানানো হবে। যেন তিনি বুঝতে পারেন যে কোন কারণে এটা সম্ভব হয়নি। কারণ এই জায়গায় একটু ধোঁয়াশা আছে, আমাদের সফটওয়্যারে কিছু অ্যাডজাস্টমেন্ট আনতে হবে, আনবো আমরা। নাগরিক সেবাটাকে আমাদের প্রাধান্য দিতেই হবে।’

কর্মশালায় ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ তার বক্তব্যে বিগত দুই বছরের কাজের পরিসংখ্যান তুলে ধরে জানান, ‘শুধুমাত্র বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর গত দু বছরের সময়ে ১৭ লক্ষাধিক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে ১৪ লাখ গৃহীত হয়েছে এবং আনুমানিক ৩ লাখ রিজেক্টেড হয়েছে।’

মন্তব্য করুন