নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ মামলার জেরে বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করায় ইউসুফ মোল্লা (২৫) নামে এক পথচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জেলার ফতুল্লার তক্তার মাঠ এলাকায় দেলোয়ার রহমান দেলুর বাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে এবং তিনি ফতুল্লায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের মামা ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে কারখানা থেকে বেতন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে তক্তার মাঠ এলাকায় দেলুর বাড়ির সামনে কিছু লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও ভাঙচুর করতে দেখেন তিনি। এ সময় ইউসুফ নিজের মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে অস্ত্রধারীরা তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তার মেরুদণ্ডের নিচে ধারালো ছুরির মারাত্মক আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, গত ২০ জুন রাতে কৃষক দল নেতা জুয়েল আরমান তাকে অপহরণ করে চাঁদা দাবি করেন। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন এবং পিবিআই তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের নামে ওয়ারেন্ট জারি ছিল। মঙ্গলবার সে আদালতে হাজিরা দিয়ে জামিন নেয়। জামিন পেয়ে বের হয়ে চা দোকানে বসে থাকা মামলার বাদী তার ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা চালায় সে। এ নিয়ে হাতাহাতিতে উভয় পক্ষই আহত হয়। এর জেরে রাতে জুয়েল আরমান দলবল নিয়ে প্রতিশোধ নিতে ধারালো অস্ত্রসহ তাদের বাড়ি ভাঙচুর করতে আসে। এ সময় পেছনের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ ভিডিও ধারণ করতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
