সৌদি আরবের হজে শিশুদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:

সৌদি আরব এবার হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত রোববার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতি বছর হজের সময় প্রচুর ভিড় সৃষ্টি হয়, যা শিশুদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এই বছর হজে শিশুদের নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সৌদি সরকার জানায়, নিরাপত্তা এবং শিশুদের সার্বিক মঙ্গলের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, যারা আগে হজ করতে পারেননি তাদের এবার অগ্রাধিকার দেওয়া হবে। উল্লেখ্য, গত বছর সৌদি সরকার ১২ বছরের নিচে শিশুদের জন্য হজে অংশগ্রহণের বয়সসীমা নির্ধারণ করেছিল।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের হজ মৌসুমের নিবন্ধন ইতিমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিবন্ধন অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে।