ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড লিটন দাসের, এক ইনিংসে ৮ ডিসমিসালের অবিশ্বাস্য কীর্তি

প্রকাশিত: 18 November 2026, 5:52 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

জোহানেসবার্গ টেস্টের ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে আসুক কিংবা না আসুক, এই ম্যাচটি উইকেটকিপার ব্যাটার লিটন দাসের ক্যারিয়ারে চিরস্মরণীয় হয়ে থাকবে।

গত সোমবার (১৬ নভেম্বর) টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন লিটন। কাকতালীয়ভাবে সেদিন ছিল তার কন্যা আনাইরা দাসের জন্মদিন। সেঞ্চুরি পূরণের পর পকেট থেকে চিরকুট বের করে তা নিজের মেয়েকে উৎসর্গ করেছিলেন তিনি।

আজ (১৮ নভেম্বর) তো বিশ্বরেকর্ডই গড়ে ফেললেন লিটন। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ডিসমিসালের অনন্য কীর্তি এখন তার নামের পাশে।

চলমান জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান সংগ্রহ করে এবং প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নেয়। তবে স্বাগতিক দলের ১০ ব্যাটারের ৮ জনকেই আউট করার পেছনে প্রত্যক্ষ অবদান রেখেছেন লিটন দাস।

রাবাদাকে স্টাম্পড করছেন লিটন। ছবি: এএফপি

গত দুই দিনে দক্ষিণ আফ্রিকার ৬ ব্যাটার মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কে ইয়ানসেন ও সাইমন হার্মারের ক্যাচ তালুবন্দী করেছিলেন লিটন। আর আজ ইনিংসে আরও ২ ব্যাটার রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদাকে স্টাম্পিংয়ের মাধ্যমে ফিরিয়ে দেন এই বাংলাদেশি উইকেটকিপার।

এই বিশ্বরেকর্ড গড়ার পথে লিটন পেছনে ফেলেছেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকব ও জশুয়া ডা সিলভাকে। এতদিন পর্যন্ত টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড এই পাঁচ উইকেটকিপারের দখলে যৌথভাবে ছিল।

মন্তব্য করুন