ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

‘আমি আইনজীবী, বোমা মারবো কেন’, আদালতে দাবি যুবলীগ নেতা সোহাগের

প্রকাশিত: 18 November 2026, 5:53 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে সোহাগ বলেন, ‘আমি আইনজীবী, বোমা মারবো কেন।’

এর আগে এদিন নির্ধারিত সময়ে কারাগার থেকে তিন আসামিকে পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়। পরবর্তীতে রাজধানীর সূত্রাপুর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক অনুপম দাস।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন আসামিদের কারাগারে আটক রাখার পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। তিনি আদালতকে জানান, এই আসামি যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা। তার সঙ্গে পলাতক বোমাবাজদের গভীর যোগাযোগ রয়েছে এবং তিনি তাদের লালনপালন করে থাকেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের জামিন শুনানির আড়ালে আদালতে এসে তিনি শোডাউন দেন এবং পরবর্তীতে রাতে ঢাকা শহরে অগ্নিসংযোগ ও বোমাবাজির মতো নাশকতা চালান। ঢাকার আদালতের প্রধান ফটকের সামনে ঘটা ককটেল বিস্ফোরণেও তার প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া গেছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী তাদের জামিনের তীব্র বিরোধিতা করেন।

অন্যদিকে, আসামিপক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী তপু নাসরিন তাদের জামিন মঞ্জুরের প্রার্থনা জানান। তিনি আদালতকে জানান, আদালতে শুনানির সময় তাদের ওপর বহিরাগতরা এসে মব বা আক্রমণ চালায়। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই তার মক্কেল সোহাগকে ধরে এনে মারধর করা হয় এবং পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বর্তমান এই মামলার এজাহারে আসামির কোনো নাম নেই এবং ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততাও নেই বলে দাবি করে তিনি যেকোনো শর্তে জামিন প্রার্থনা করেন।

উভয়পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক কথা বলার অনুমতি চাইলে আসামির উদ্দেশে সরাসরি প্রশ্ন রেখে বলেন, আপনাকে জামিন কেন দেব, সেটা আদালতের কাছে পরিষ্কার করেন।

আদালতের এমন প্রশ্নের জবাবে তখন সোহাগ আদালতের কাছে দাবি করেন, আদালতের সামনে ককটেল বিস্ফোরণ কিংবা বোমা মারার ঘটনার সঙ্গে তার দূরতম কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার দিনও তিনি নিয়মিতভাবে এই আদালতে আইনি শুনানি পরিচালনা করেছেন দাবি করে তিনি বলেন, আমি একজন আইনজীবী, আমি কেন বোমা মারবো? আমি এই মামলার সঙ্গে মোটেও জড়িত নই এবং আমি আইনগতভাবে জামিন পাওয়ার হকদার।

উভয়পক্ষের দীর্ঘ শুনানি গ্রহণ শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক মেয়র সাঈদ খোকনের পক্ষে আইনি শুনানি পরিচালনা করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা সোহাগকে আটক করে। পরবর্তীতে তাকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উত্তেজিত জনতাই সোহাগসহ মোট তিন আসামিকে আটক করেছিল। এই খবর পেয়ে সেদিন রাত সাড়ে ১০টার দিকে সরকারি কবি নজরুল কলেজের সামনে থেকে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়।

পুলিশের দায়ের করা মামলার বিবরণী অনুযায়ী জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে আকস্মিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ওই সময় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ডিউটিরত পুলিশ ও উপস্থিত সাধারণ মানুষের তাৎক্ষণিক সহায়তায় দুজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা ঘটনাস্থል থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরদিন ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করে।

মন্তব্য করুন