ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাজধানীর নিকেতন থেকে আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

প্রকাশিত: 18 November 2026, 5:58 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার রানা তাজউদ্দিন খানকে রাজধানীর গুলশানের নিকেতন এলাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।

এসআরবির একটি সূত্র এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে রাজধানী ঢাকার নিকেতন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবির সদস্যরা। একপর্যায়ে নিজ বাসা থেকেই রানা তাজউদ্দিন খানকে কাবু করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নিকট হস্তান্তর করা হয়েছে।

ব্যরিস্টার রানা তাজউদ্দিন খানের পৈতৃক নিবাস নেত্রকোনা সদর উপজেলার বামনিকোনা গ্রামে। তার বাবা সুরুজ আলী খান এবং মা মনোয়ারা আক্তার। নেত্রকোনার সন্তান হলেও পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের সুবাদে তিনি জাতীয় পর্যায়েও যথেষ্ট আলোচিত ব্যক্তিত্ব।

জাতীয় রাজনীতিতে রানা তাজউদ্দিন খানের সক্রিয় অংশগ্রহণের জোরালো পরিচয় পাওয়া যায় ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। ওই সময়ে তিনি নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। সেই সময় তিনি দলটির আইনবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে পরিচিতি লাভ করেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি নেত্রকোনা সদর ও বারহাট্টার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছিলেন। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের পরিধি বাড়ানোর সর্বাত্মক চেষ্টা করেন তিনি।

নির্বাচনের সেই সময়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রানা তাজউদ্দিন খান দাবি করেছিলেন যে, বিগত পাঁচ বছরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজারের বেশি মানুষকে নানা ধরনের অনুদান প্রদান করেছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, পবিত্র ঈদ এবং পূজায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও সে সময় তিনি জোর দাবি করেন। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন আইনি মামলায় আইনজীবী হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতার কথাও তিনি জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ওই আসনে তাকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি।

মন্তব্য করুন