পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের পিরোজপুরের নাজিরপুর উপজেলার দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এবং উপজেলা সদর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শ ম রেজাউল করিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল তারাবুনিয়া এলাকায় অবস্থিত সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর মাত্র আধঘণ্টা পর, অর্থাৎ সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার অপর বাড়িটিতেও একই কায়দায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নানা নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও কর্মসূচি চলছিল। ওই বিক্ষোভ কর্মসূচির একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সাবেক মন্ত্রীর বাড়ি দুটিতে এই হামলার ঘটনা ঘটে। তবে আকস্মিক এই হামলায় বাড়ি দুটির ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করতে পারেননি।
এই পুরো বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলার বিষয়ে প্রাথমিকভাবে আমার কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য ছিল না। তবে অগ্নিসংযোগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি বর্তমানে পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।’
