ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

প্রকাশিত: 18 November 2026, 10:42 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে, দেশে কোনো জাতীয় সংলাপ আয়োজন করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা হতে পারে, তবে তা কখনোই জাতীয় সংলাপের মর্যাদা পাবে না।

গত মঙ্গলবার (১৭ রাতে) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

ওই টকশোতে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা এবং আওয়ামী লীগকে কেন আলোচনায় রাখা উচিত, সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রুমিন ফারহানা বলেন, ‘আপনি যদি আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করেন, তাহলে সেটা যেকোনো কিছু হতে পারে, কিন্তু জাতীয় সংলাপ হতে পারে না।’

আওয়ামী লীগকে আলোচনার প্রক্রিয়ায় রাখার পক্ষে নিজের যুক্তি তুলে ধরে তিনি জানান যে, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগ সমর্থন করে। এমনকি শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও দলটির সমর্থন ২৫ শতাংশ ছিল বলে বিভিন্ন জরিপের তথ্য উল্লেখ করেন তিনি। রুমিনের মতে, এই বিপুলসংখ্যক নাগরিককে আলোচনার বাইরে রেখে কোনো সংলাপকে জাতীয় সংলাপ বলা যায় না।

আওয়ামী লীগকে আলোচনার টেবিলে স্থান দেওয়ার আগে দলটিকে তাদের অপরাধের জন্য স্বীকারোক্তি বা অনুশোচনা করতে হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘আপনি তাদের টেবিলে আনেন। ন্যায়বিচার নিশ্চিত করেন।’

আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কি না, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’

তবে আওয়ামী লীগ অতীতে কোনো অপরাধ করেছে কি না, এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘সার্টেইনলি (অবশ্যই)।’

দলটির বিচার প্রক্রিয়া প্রসঙ্গে রুমিন ফারহানা আরও বলেন, যারা সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত, তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি। এর পাশাপাশি আওয়ামী লীগকে আলোচনার টেবিলে এনে তারা নিজেদের কর্মকাণ্ডের জন্য লজ্জিত কিংবা অনুতপ্ত কি না, সে বিষয়েও জানতে চাওয়া উচিত।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের সামগ্রিক পর্যবেক্ষণ তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ‘এখন আমাদের ওয়েট অ্যান্ড সি ছাড়া কোনো অপশন নাই, আমরা যারা পলিটিশিয়ান। আমি প্যাশনেটলি রাজনীতিটা করি। এখন সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন এবং ঘোলা। অনেক কিছুই জানুয়ারির মধ্যে পরিষ্কার হবে।’

রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক দূরত্ব ও গভীর বিভাজন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নিজের অধ্যয়নের কথা উল্লেখ করে রুমিন বলেন, ধর্মীয় বিভাজনের মতোই বর্তমানে রাজনৈতিক মত ও পথের ভিন্নতার কারণে সমাজে নতুন করে বিভক্তি ও হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

তিনি আরও যোগ করেন, ‘বিভাজনটা এখন ধর্মের ভিত্তিতে না হলেও আরও বহু কারণে বহু রাজনৈতিক মত এবং পথের কারণে আমি ওই হিংস্রতাটা দেখি। রাজনীতিবিদরা একজন আরেকজনের সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, তাকায়ও না পর্যন্ত। এটা কোনো ভালো দিকে আপনাকে নেবে না।’

মন্তব্য করুন