ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চট্টগ্রামে লাগামহীন চালের বাজার: ৬০ টাকার নিচে মিলছে না এক কেজি চালও

প্রকাশিত: 21 November 2026, 4:15 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের চালের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। সব ধরনের চালের দাম বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে ৬০ টাকার নিচে কোনো চালই পাওয়া যাচ্ছে না। খোলাবাজারে ওএমএস এবং শিল্প এলাকায় বিশেষ ওএমএস-এর মাধ্যমে কম দামে চাল বিক্রি করার পরও প্রশাসন বাজার স্থিতিশীল করতে ব্যর্থ হচ্ছে। এমনকি জিটুজি’র আওতায় বিপুল পরিমাণ চাল আমদানি করেও চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

অভিযোগ উঠেছে যে, মিলার ও আমদানিকারকরা চালের বাজারকে কৃত্রিমভাবে অস্থিতিশীল করে তুলছেন। তারা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত চাল সরবরাহ না করে তা মজুত করে রাখছেন। পাইকাররা যখন ৩০ টন চাল কেনার চাহিদা নিয়ে আসেন, তখন আড়তদার বা মিলাররা মাত্র ১৫ টন চাল বিক্রি করছেন। এর ফলে সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে চালের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। চাল ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন মোকাম থেকে চালের সরবরাহ কমে গেছে। চাহিদা অনুযায়ী চাল আনা সম্ভব হচ্ছে না এবং এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে পরিবহণ খরচও। যার ফলে চালের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে এবং সব ধরনের চালের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে, যার জেরে হু-হু করে বাড়ছে চালের দাম।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে যে, খুচরা ও পাইকারি উভয় বাজারেই চালের দাম চড়া রয়েছে। মোটা চালের (স্বর্ণা) কেজি পূর্বে ৬০-৬৫ টাকা থাকলেও তা এখন বেড়ে ৬৭-৬৮ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের চালের (পাইজাম ও বিআর-২৮) কেজিপ্রতি দাম ৭২-৭৪ টাকায় গিয়ে ঠেকেছে। বিশেষ করে গত কয়েকদিনের মধ্যে বাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে এই মাঝারি মানের চালের, যেখানে কেজিপ্রতি মাঝারি মানের চালের দাম ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে জাত ও মানভেদে চিকন চাল নাজিরশাইল ৮৩ থেকে ৮৫ টাকা এবং মিনিকেট চাল ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মাঝারি মানের বিআর ২৮ ও ২৯ নম্বর চাল ৬২ থেকে ৬৫ টাকা এবং গুটি, চায়না ইরিসহ মোটা চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়, যা আগের তুলনায় প্রতিকেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত কম ছিল। এ বছর রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে পোলাও চালের দাম। খোলা পোলাও চালের কেজি এখন ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে এবং প্যাকেটজাত চালের কেজি পৌঁছেছে ২১০ থেকে ২৩০ টাকায়। পাহাড়তলী ও চাক্তাইয়ের একাধিক চাল ব্যবসায়ী জানান যে, পরিবহণ মালিকরা ট্রাক ভাড়া অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। ঢাকার বিভিন্ন গুদাম থেকে চট্টগ্রামে চাল পরিবহণ করতে যেখানে ট্রাক ভাড়া বাবদ ১৭ হাজার থেকে ২১ হাজার টাকা খরচ হতো, সেখানে গত এক সপ্তাহের বেশি সময় ধরে এই ট্রাক ভাড়া বেড়ে ২৭ হাজার থেকে ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। একইভাবে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চাল পরিবহণের ট্রাক ভাড়া ২২ হাজার থেকে ২৪ হাজার টাকা থেকে বেড়ে এখন আদায় করা হচ্ছে ৪০ হাজার থেকে ৪২ হাজার টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে কুমিল্লার আশুগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে চাল পরিবহণের ট্রাক ভাড়া ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখন ২৪ হাজার থেকে ২৬ হাজার টাকায় দাঁড়িয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার বা টেকনাফ রুটেও চাল পরিবহণে এখন দ্বিগুণ ভাড়া দাবি করা হচ্ছে।

চাল ব্যবসায়ী কামরুল ইসলাম জানিয়েছেন যে, অতিরিক্ত ট্রাক ভাড়া বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে চালের দামের ওপর, পাশাপাশি অন্যান্য আনুসঙ্গিক খরচও বৃদ্ধি পেয়েছে। নগরীর পাহাড়তলী বাজারের চালের আড়তদার করিম উল্লাহ জানান, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ এখন শেষের পথে এবং মিলপর্যায়ে দাম বাড়ার কারণে এর একটা বড় প্রভাব খুচরা বাজারে পড়েছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী নভেম্বরের শেষদিকে কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নতুন আমন ধান বাজারে উঠলে চালের দাম স্বাভাবিকভাবেই কিছুটা কমে আসবে।

মন্তব্য করুন